প্রাণের ৭১

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে জাবেদ মোহাম্মদের গভীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির মুক্তি ও স্বাধীনতা সংগ্রামের নেপথ্যের অন্যতম প্রেরণাদায়ী শক্তি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিমিনি-এর প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রলীগ নেতা ও মীরসরাইয়ের কৃতি সন্তান জাবেদ মোহাম্মদ।

এক বিবৃতিতে তিনি বলেন, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সাহস, প্রেরণা ও শক্তির অন্যতম প্রধান উৎস। বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি ছায়ার মতো পাশে থেকে সাহস ও মনোবল জুগিয়েছেন।

জাবেদ মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু যখনই কারারুদ্ধ হয়েছেন, তখন বেগম মুজিব অত্যন্ত সাহসিকতা, বিচক্ষণতা ও দৃঢ়তার সঙ্গে পরিবারের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদেরও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ বার্তা ও রাজনৈতিক নির্দেশনা তিনি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে নেতাকর্মীদের কাছে পৌঁছে দিয়েছেন। ফলে বঙ্গবন্ধু কারাগারে থাকলেও তাঁর রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম থেমে যায়নি।

তিনি আরও বলেন, আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি দেওয়ার প্রস্তাব গ্রহণ না করার ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের দৃঢ় অবস্থান ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাহস ও দূরদর্শিতা বাঙালির স্বাধিকার আন্দোলনকে আরও শক্তিশালী করেছিল।

বঙ্গমাতার সাহিত্যিক ও ঐতিহাসিক অবদানের কথা উল্লেখ করে জাবেদ মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধুকে ডায়েরি কিনে দিয়ে তাঁর জীবনের অভিজ্ঞতা ও রাজনৈতিক সংগ্রামের কথা লিখে রাখার জন্য উৎসাহিত করেছিলেন বঙ্গমাতা। তাঁর সেই তাগিদ ও প্রেরণার ফলেই বঙ্গবন্ধুর অমূল্য স্মৃতিকথা ‘অসমাপ্ত আত্মজীবনী’ রচনার পথ সুগম হয়। আজ এই গ্রন্থ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও বঙ্গবন্ধুর জীবন-সংগ্রাম বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ দলিল।

জাবেদ মোহাম্মদ বলেন, বঙ্গমাতা শুধু বঙ্গবন্ধুর সহধর্মিণী ছিলেন না; তিনি ছিলেন বাঙালির স্বাধীনতা সংগ্রামের নেপথ্যের একজন সাহসী সংগঠক, ত্যাগী নারী এবং সংকটে অবিচল এক প্রেরণার নাম। তাঁর আত্মত্যাগ, ধৈর্য, সাহস ও দেশপ্রেম বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তিনি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*