১৫ আগস্ট: শোক থেকে নতুন প্রত্যয়ের পথে-জাবেদ মোহাম্মদ
১৫ আগস্টের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রামের মীরসরাইয়ের কৃতি সন্তান, শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিইউনিয়নের প্রতিষ্ঠাতা ও সাবেক ছাত্রনেতা জাবেদ মোহাম্মদ।
তিনি বলেন,আগস্ট বাঙালি জাতির ইতিহাসে গভীর শোক, বেদনা ও আত্মত্যাগের এক স্মরণীয় অধ্যায়। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক অপূরণীয় ক্ষত সৃষ্টি করেছে।
১৫ আগস্টের সেই নৃশংস ঘটনায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, সুলতানা কামাল, শেখ রাসেলসহ পরিবারের অন্যান্য সদস্য এবং আরও কয়েকজন দেশপ্রেমিক মানুষ শহিদ হন। তাঁদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে জাবেদ মোহাম্মদ বলেন, “১৫ আগস্ট শুধু একটি পরিবারের ওপর সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের স্মৃতি নয়; এটি বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। বঙ্গবন্ধু যে স্বাধীন, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের পথকে এগিয়ে নেওয়াই হতে পারে তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা।”
তিনি বলেন, বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান। ইতিহাসের নির্মম বাস্তবতা আমাদের শিক্ষা দেয়—হত্যা ও ষড়যন্ত্রের মাধ্যমে একজন মানুষের জীবন থামিয়ে দেওয়া সম্ভব হলেও একটি জাতির মুক্তির আকাঙ্ক্ষা, আদর্শ ও স্বপ্নকে চিরতরে মুছে দেওয়া যায় না।
বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, অসাম্প্রদায়িকতা ও জাতীয় ঐক্যের ভিত্তি সুদৃঢ় করার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
জাবেদ মোহাম্মদ ১৫ আগস্টের সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের সত্যনিষ্ঠ পাঠ পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “শোককে শক্তিতে রূপান্তর করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার। বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
