প্রাণের ৭১

১৫ ও ২১ আগস্টের শহীদদের স্মরণে মীরসরাইয়ে যুবলীগের খাবার বিতরণ

মীরসরাই প্রতিনিধি: স্বাধীনতার মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাতবরণকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় চট্টগ্রামের মীরসরাইয়ে শ্রমজীবী, দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

রোববার (৩১ আগস্ট) বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আয়োজিত কর্মসূচিটি বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটের পরামর্শে এবং চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন মিজানুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল করিমের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হয়।

কর্মসূচির আওতায় মীরসরাই উপজেলার বিভিন্ন এলাকার শ্রমজীবী, দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের হাতে খাবার তুলে দেওয়া হয়। এ সময় আয়োজকরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ এবং ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার পাশাপাশি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

তারা বলেন, আওয়ামী যুবলীগ শুধু রাজনৈতিক সংগঠন হিসেবেই নয়, মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সামাজিক দায়বদ্ধতা পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চায়। মানুষের কল্যাণে গৃহীত এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দেশের মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*