প্রাণের ৭১

নান্দাইলের পূর্বদরিল্লাহ গ্রামে ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ইনজা

ময়মনসিংহের নান্দাইলে পূর্ব দরিল্লা গ্রামে ভিজিট করেছেন ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশন, চার্জ দ্য অ্যাফেয়ার্স মি. ফ্রেডেরিক ইনজা এবং পলিটিকাল ও কো-অপারেশন অ্যাটাশে মিস এমিলি পালাহুয়ান। রবিবার (৩ মে) সকালে উপজেলার রাজগাতি ইউনিয়নের পূর্ব দরিল্লা গ্রামে নারীর বয়ঃসন্ধি ও মাসিককালীন স্বাস্থ্য সুরক্ষায় নিয়োজিত এসএএস নামের একটি সংগঠনের পরিচালনায় তারা ফিল্ড ভিজিট করেন।

ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে ফ্রান্স দূতাবাসের প্রায় দুই বছরের অংশীদারির ধারাবাহিকতায় এই ভিজিট অনুষ্ঠিত হয়। ফ্রান্স দূতাবাসের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে ইয়ুথ প্ল্যানেট পূর্ব দরিল্লা গ্রামে একটি স্কুল পরিচালনা করছে।

পাশাপাশি, গ্রামীণ নারীদের মধ্যে মাসিককালীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যার আওতায় ইতিমধ্যে প্রায় ৭০০ নারী ও কিশোরীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। 

এ ছাড়া, ফ্রান্স দূতাবাসের অর্থায়নে নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘এমপাওয়ার ফ্লো মেন স্ট্রাকচারাল হাইজিন ফর অল’ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যেখানে প্রায় ৪০০ নারীকে মাসিক স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ছাড়া এ প্রকল্পের আওতায় শিক্ষকদেরকেও ট্রেনার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফিল্ড ভিজিটে অন্তত ২৫০ জন নারী, কিশোরী ও পুরুষ অংশগ্রহণ করেন।

অতিথিরা স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের অভিজ্ঞতা শোনেন এবং এলাকার বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারণা লাভ করেন। এ সময় পূর্ব দরিল্লা বাজারে ইয়ুথ প্ল্যানেটের স্থানীয় অফিস পরিদর্শনের পর নারী সমাবেশে যোগ দেন তারা। সমাবেশে শিক্ষার্থীদের সনদপত্র দেওয়া হয়। 

অনুষ্ঠানে দরিল্লা গয়েশপুর আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, নান্দাইল রোড উচ্চ বিদ্যালয়, আজিজুন্নেসা বালিকা বিদ্যালয়, পূর্ব দরিল্লা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা এবং উলুহাটি-শিমুলতলী বেসরকারি উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী এবং স্থানীয় নারীরা উপস্থিত ছিলেন।

 

মি. ফ্রেডেরিক ইনজা ইয়ুথ প্ল্যানেটের সঙ্গে চলমান এই অংশীদারিত্ব ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ইয়ুথ প্ল্যানেটের নির্বাহী পরিচালক এ বি এম মাহমুদুল হাসান বলেন, ফ্রান্স দূতাবাসের ডেপুটি হেড অব মিশনের এই আগমন স্থানীয় কমিউনিটির জন্য অত্যন্ত আনন্দের। আজকের দিনটি শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের কিশোরী ও নারীদের জন্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

স্থানীয় কমিউনিটির প্রতিনিধি ঈশা তাজমিন বলেন, গ্রামীণ নারীদের জন্য একটি কমিউনিটি হেলথ সেন্টার স্থাপন করা হলে তারা সহজে স্বাস্থ্যসেবা পেতে পারেন।

ইয়ুথ প্ল্যানেট একটি নিবন্ধিত অলাভজনক প্রতিষ্ঠান, যা যুব উন্নয়ন, বয়ঃসন্ধিকালীন শিক্ষা, মাসিক স্বাস্থ্যসুরক্ষা এবং নারীর অধিকার নিয়ে কাজ করছে।

দীর্ঘদিনের সামাজিক লজ্জা, ভুল ধারণা ও নীরবতার আড়ালে থাকা মাসিক স্বাস্থ্যসুরক্ষা বিষয়টি সামনে নিয়ে আসার চেষ্টা করছে ইয়ুথ প্ল্যানেট। 

প্রকল্পের আওতায় কিশোরী ও নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্যানিটারি পণ্য ব্যবহারে উৎসাহ প্রদান এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে একটি টেকসই পরিবর্তন আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। অনুষ্ঠানের শেষে স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে অতিথিদের হাতে তৈরি একটি স্মারক উপহার দেওয়া হয়।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*