১৬ জুলাই ‘জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস’ পালনের আহ্বান শেখ হাসিনা ঐক্য পরিষদের
মোহাম্মদ হাসান:
আগামী ১৬ জুলাই ‘জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস’ পালনের আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সদস্য সচিব, গাজীপুরের কালীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ও সৌদি আরবের রিয়াদ শিফা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে গত বছরের জুলাই মাসের শিক্ষার্থী আন্দোলন এবং পরবর্তী রাজনৈতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে সংগঠনটির নিজস্ব অবস্থান তুলে ধরে বিভিন্ন অভিযোগ ও দাবি করা হয়। একই সঙ্গে বলা হয়, দেশকে মুক্তিযুদ্ধের আদর্শ, মানবিক, উদারনৈতিক ও প্রগতিশীল চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ করার প্রয়োজন রয়েছে।
এ উপলক্ষে নিম্নোক্ত দিবসগুলো পালনের ঘোষণা দেওয়া হয়েছে—
- ১৬ জুলাই: জঙ্গি-সন্ত্রাস-ষড়যন্ত্র ও ফ্যাসিস্ট দিবস
- ৫ আগস্ট: গণতন্ত্র, ছাত্র-জনতা-পুলিশ হত্যা দিবস
- ৮ আগস্ট: সংবিধান লঙ্ঘন ও কালো দিবস
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশপ্রেমিক জনগণের ঐক্য গড়ে তুলে দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির শেষাংশে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’ এবং ‘বাংলাদেশ চিরজীবী হোক’ স্লোগান উল্লেখ করা হয়েছে।
