প্রাণের ৭১

ব্যক্তি স্বার্থে দলে বিতর্ক সৃষ্টি করবেন না, শেষবারের মতো সাবধান করলেন আকরাম হোসেন ফকির

মোহাম্মদ হাসান :

বাংলাদেশ আওয়ামী লীগের অস্তিত্ব সংকট ও নেতাকর্মীদের চরম দূরবস্থার এই সময়ে ব্যক্তি স্বার্থে দলে কোনো প্রকার বিতর্ক সৃষ্টি না করার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও রিয়াদ শিফা আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেন ফকির। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি এই সতর্কতা ব্যক্ত করেন।

বিবৃতিতে আকরাম হোসেন ফকির দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং তার জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জকে কেন্দ্র করে ছড়ানো কিছু বিভ্রান্তির কথা তুলে ধরেন। পাঠকদের জন্য তার দেওয়া বক্তব্যটি নিচে হুবহু তুলে ধরা হলো:
> “২০২৪ সালের ৫ই আগস্ট থেকে একটি স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আপার সরাসরি নির্দেশে প্রবাসে এবং বাংলাদেশে সাধ্যমত কাজ করে যাচ্ছি। অল্প কয়দিন যাবত হঠাৎ করে আমার জন্মস্থান গাজীপুর কালীগঞ্জে আমাকে এমপি প্রতিদ্বন্দ্বী বানিয়ে ফেলা হচ্ছে। যেখানে আমার দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে, বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা, দুর্বিষহ জীবনযাপন ও হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে একটি সুদিনের অপেক্ষায় প্রহর গুনছে—সেইখানে আমাদের কাজে সহযোগিতা না করে বিতর্ক তৈরি করছেন কারা আপনারা? আপনাদের উদ্দেশ্য কী? কী বলতে চান, কী বুঝাতে চান, আর কী-ই বা করতে চান?
> আমি কিন্তু আপনাদের সবাইকে চিনি। অনেক সময় আপনারা আমাকে ভয় দেখানোর চেষ্টা করেন। আপনারা আমার ব্যাপারে কতটুকু জানেন বা কতটুকু তথ্য নিয়েছেন? আপনাদেরকে অনেকবার সতর্ক করেছি, কিন্তু আপনারা কানে শুনছেন না। কারণ কী? আমাকে কি খুব দুর্বল বা ভীতু প্রকৃতির মানুষ মনে হয়?
> রাজতন্ত্রের দেশে থেকেও নেত্রীর নির্দেশ বাস্তবায়নে নিজের ব্যবসা-বাণিজ্য ও পরিবার-পরিজনের জীবননাশের হুমকি মাথায় নিয়ে দলের জন্য কাজ করে যাচ্ছি। আপনারা কি বুঝেন না আমি দলের জন্য কতটুকু করতে পারি? তাই আবারো শেষবারের মতো সাবধান করলাম—পারলে দলের এই দুঃসময়ে, দলের মানুষের বিপদের দিনে পাশে দাঁড়ান এবং সাধ্যমত কাজ করুন।
> বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, দ্রুতই একটি তদন্ত সেল গঠন করে আপনাদের সবাইকে সঠিক জায়গায় মূল্যায়ন করবেন। আশা রাখুন এবং স্বপ্ন দেখতে থাকুন। ব্যক্তি স্বার্থে দলে বিতর্ক সৃষ্টি করা বন্ধ করুন। আমাদের সকল প্রবাসী সংগঠনের একমাত্র অভিভাবক শেখ হাসিনা আপা, উনার নির্দেশের বাইরে আমরা কিছুই করি না এবং আমাদের করার ক্ষমতাও নেই।”
>
বিবৃতির শেষাংশে তিনি সবাইকে ব্যক্তিগত কোন্দল ভুলে দলের দুঃসময়ে কর্মীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে নিজের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন।






মতামত দিন।

Your email address will not be published. Required fields are marked as *

*