১৬ জুলাই গোপালগঞ্জের হত্যাকাণ্ডের বর্ষপূর্তিতে আকরাম হোসেন ফকিরের গভীর শোক ও তদন্তের দাবি
মোহাম্মদ হাসান:
১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের বর্ষপূর্তি উপলক্ষে গভীর শোক, শ্রদ্ধা ও উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনা ঐক্য পরিষদের সদস্য সচিব ও রিয়াদ শাখা আওয়ামী পরিষদের সভাপতি আকরাম হোসেন ফকির।
এক বিবৃতিতে তিনি বলেন, “১৬ জুলাই আমাদের জাতীয় জীবনের এক বেদনাবিধুর দিন। এদিন নিহত সকল মানুষের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি। যে কোনো নিরপরাধ মানুষের প্রাণহানি জাতির জন্য গভীর বেদনার এবং এর সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার হওয়া প্রয়োজন।
তিনি বলেন, রাজনৈতিক সহিংসতা, প্রতিহিংসা ও বিভাজনের রাজনীতি কখনোই একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য কল্যাণকর হতে পারে না। অতীতের যেকোনো সহিংস ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো অপরাধের বিচারহীনতা ভবিষ্যতে আরও সহিংসতার ঝুঁকি তৈরি করে।
আকরাম হোসেন ফকির আরও বলেন, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ও রাজনৈতিক সহনশীলতার ভিত্তিতে এগিয়ে নিতে হবে। মতভিন্নতা থাকতে পারে, কিন্তু সহিংসতা ও রক্তপাত কখনোই রাজনৈতিক সমাধান হতে পারে না।
তিনি সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ১৬ জুলাইয়ের ঘটনাসহ সব ধরনের রাজনৈতিক সহিংসতার নিরপেক্ষ তদন্ত, প্রকৃত সত্য উদ্ঘাটন এবং আইনের শাসনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
বিবৃতির শেষে তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সম্প্রীতির বাংলাদেশ গঠনে সকলের প্রতি আহ্বান জানান।
