রক্তঝরা আগস্ট: জাতির জন্য চিরবেদনাদায়ক স্মৃতি: জাবেদ মোহাম্মদ
রক্তঝরা আগস্ট বাঙালি জাতির শোক, বেদনা ও গভীর শ্রদ্ধার মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সংঘটিত হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নৃশংস ও কলঙ্কিত হত্যাকাণ্ড। এই দিনে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয় এবং এটি বাঙালি জাতির হৃদয়ে চিরবেদনাদায়ক এক স্মৃতি হিসেবে অম্লান হয়ে আছে।
শোকাবহ আগস্টের প্রথম দিনে শেখ হাসিনা ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন রিমিনি-এর প্রতিষ্ঠাতা, সাবেক ছাত্রলীগ নেতা এবং মীরসরাইয়ের কৃতি সন্তান জাবেদ মোহাম্মদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগস্টের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধুর দূরদর্শী ও সাহসী নেতৃত্বেই বাঙালি জাতি দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে। ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ—প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তাঁর অবদান ছিল অনন্য ও অবিস্মরণীয়।
তিনি আরও উল্লেখ করেন, ১৫ আগস্টের এই নির্মম হত্যাকাণ্ডের পর প্রণীত ইনডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে দীর্ঘদিন বিচারহীনতার একটি সংস্কৃতি চালু ছিল, যা জাতির জন্য ছিল গভীর লজ্জা ও বেদনার। পরবর্তীতে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সেই বিচার প্রক্রিয়ার সূচনা হয় এবং আংশিকভাবে এই কলঙ্ক মোচনের পথ তৈরি হয়।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগস্টের তাৎপর্য আরও গভীর ও প্রাসঙ্গিক। ইতিহাস বিকৃতি, সহিংসতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে গণতন্ত্র, উন্নয়ন ও অসাম্প্রদায়িকতার চেতনা ধারণ করা এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই একটি শক্তিশালী, উন্নত ও মর্যাদাবান বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
শোকের এই মাস আমাদের বারবার স্মরণ করিয়ে দেয়—ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জাতি হিসেবে ঐক্যবদ্ধ থাকাই আমাদের অগ্রগতির মূল চাবিকাঠি। শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানিয়ে তাদের স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকারই হোক আমাদের প্রত্যয়।
