গোপালগঞ্জের সহিংস ঘটনায় নিহতদের প্রতি জাকির হোসেনের শোক, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
মোহাম্মদ হাসান:
১৬ জুলাই গোপালগঞ্জে সংঘটিত সহিংস ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শেখ হাসিনা ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জাকির হোসেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
আজ সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জাকির হোসেন বলেন, “যে কোনো নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও নিন্দনীয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতপার্থক্য কিংবা কোনো পরিস্থিতিই সহিংসতা ও রক্তপাতের কারণ হতে পারে না।”
তিনি আরও বলেন, “ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।” এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বিবৃতিতে জাকির হোসেন বলেন, “আমি বিশ্বাস করি, আইনের শাসন, মানবাধিকার, নাগরিক নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিময় ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
তিনি সকলের প্রতি ধৈর্য, সংযম ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উসকানি, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থেকে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
